সাক্ষাৎকালে স্পীকার বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক মেলবন্ধনের দৃঢ় ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার ভবিষ্যৎ যৌথ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
স্পীকার দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে থাকলেও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছে।
এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় তা আলজেরিয়ার সরকার ও জনগণের প্রশংসা অর্জন করেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
স্পীকার আলজেরিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।