কির্তনখোলা ডেস্ক
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। আগামী ৩১ মার্চ অ্যাওয়ে ম্যাচটি খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলকে প্রস্তুত রাখতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ লক্ষ্যে কম্বোডিয়া ও পূর্ব তিমুরসহ তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত ওই দুটি দেশের কোনো দলই বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে না। পরিবর্তে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে ভিয়েতনাম। আগে বাফুফে জানিয়েছিল, সিলেটে প্রীতি ম্যাচ খেলে ২৮ মার্চ সিঙ্গাপুরে যাবে দল। তবে নতুন সূচিতে পরিবর্তন এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি তাদেরই মাঠে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ ২৬ মার্চ।
এ কারণে জাতীয় দলকে নির্ধারিত সময়ের আগেই ঢাকা ছাড়তে হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষ করে সেখান থেকেই সিঙ্গাপুরে রওনা দেবে কাবরেরার দল। হামজা চৌধুরী, সোমিত সোম ও ফাহামিদুল ইসলাম সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় ও দুটি ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে ভারতকে হারানোর পাশাপাশি ভারত ও হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ, যা দিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি।