ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার চর এলাকা থেকে মহিষ চুরি করে জবাই করা মাংস বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় বাগন আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে চার বস্তা চোরাই মহিষের মাংস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাগন আলী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে টহলরত পুলিশের একটি দল আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কে একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে অটোরিকশায় থাকা চারটি বস্তার ভেতর থেকে চোরাই মহিষের ৮০ কেজি ২০০ গ্রাম মাংস উদ্ধারসহ বাগন আলীকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, আদালতের নির্দেশে সকালে উদ্ধারকৃত চার বস্তা মহিষের মাংস ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পরে দুপুর ৩টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।