ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই শেখ এমদাদুল করিম (৪৫) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত এমদাদুল করিম নলছিটি পৌরসভার অনুরাগ এলাকার বাসিন্দা এবং এসএম আব্দুল কাদেরের  ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে তিনি নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে গাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভোট দিতে যাওয়ার আগেও তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। তার মৃত্যুর খবরে নলছিটি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
Advertisement